স্পিচ ডিলে কী? শিশুদের কথা বলতে দেরি হওয়ার কারণ, লক্ষণ ও করণীয়

স্পিচ ডিলে কী? শিশুদের কথা বলতে দেরি হওয়ার কারণ, লক্ষণ ও করণীয়

“বাচ্চা একটু দেরিতে কথা বলছে, বড় হলে ঠিক হয়ে যাবে।”

শিশুর কথা বলতে দেরি হলে অনেক অভিভাবক এমন কথা শুনে অপেক্ষা করেন। কিন্তু বয়স অনুযায়ী শিশু কতটা কথা বলছে, অন্যের কথা বুঝছে কি না এবং ইশারা বা শব্দের মাধ্যমে নিজের প্রয়োজন প্রকাশ করতে পারছে কি না, এসব বিষয় খেয়াল করা গুরুত্বপূর্ণ।

শিশুর ভাষা ও যোগাযোগের বিকাশ নিয়ে উদ্বেগ থাকলে নির্দিষ্ট বয়স পর্যন্ত অপেক্ষা না করে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত।

সূচিপত্র

স্পিচ ডিলে কী?

দৈনন্দিন কথায় শিশুর কথা বলতে দেরি হওয়াকে আমরা অনেক সময় স্পিচ ডিলে (Speech Delay) বলি।

তবে কথা বলা এবং ভাষা বোঝা বা ব্যবহার করা পুরোপুরি এক বিষয় নয়।

Speech বা কথা বলা: মুখের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে ধ্বনি ও শব্দ তৈরি করা। যেমন, কোনো শিশু “পানি” বলতে চাইলেও শব্দটি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছে না।

Language বা ভাষা: অন্যের কথা বোঝা এবং শব্দ, বাক্য বা ইশারার মাধ্যমে নিজের প্রয়োজন ও অনুভূতি প্রকাশ করা। যেমন, শিশু “বলটা নিয়ে আসো” নির্দেশনাটি বুঝতে পারছে কি না।

কোনো শিশুর শব্দ উচ্চারণে অসুবিধা থাকতে পারে। আবার কেউ অন্যের কথা বুঝলেও নিজের প্রয়োজন প্রকাশ করতে পারে না। কিছু শিশুর একাধিক ক্ষেত্রেও সমস্যা দেখা যায়।

তাই শুধু শিশুর বয়স ও সে কতগুলো শব্দ বলছে, তা দেখে নির্দিষ্ট কোনো সমস্যা রয়েছে বলে সিদ্ধান্ত নেওয়া যায় না।

বয়স অনুযায়ী স্পিচ ডিলের লক্ষণ

শিশুদের ভাষা বিকাশের গতি এক রকম নয়। নিচে বয়স অনুযায়ী কিছু যোগাযোগের দক্ষতা ও উদ্বেগের উদাহরণ দেওয়া হলো। বয়সভিত্তিক দক্ষতার উদাহরণগুলোতে যুক্তরাষ্ট্রের Centers for Disease Control and Prevention (CDC)-এর বিকাশগত নির্দেশনা অনুসরণ করা হয়েছে।

১২ মাস বয়সে কোন বিষয়গুলো খেয়াল করবেন?

এই বয়সে শুধু শিশু পরিষ্কার শব্দ বলছে কি না, সেটি না দেখে তার সামগ্রিক যোগাযোগের দিকে নজর দিন।

যেমন:

  • পরিচিত আওয়াজে সাড়া দেয় কি না
  • বিভিন্ন ধরনের ধ্বনি বা আওয়াজ করে কি না
  • বিদায় জানাতে হাত নাড়ানোর মতো ইশারা করে কি না
  • ‘না’ বললে কিছুক্ষণের জন্য থামে কি না

শিশুর আওয়াজে সাড়া দেওয়া, ইশারা করা বা অন্যভাবে যোগাযোগের চেষ্টা নিয়ে উদ্বেগ থাকলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

১৮ মাস বয়সে স্পিচ ডিলের লক্ষণ

১৮ মাস বয়সে বেশির ভাগ শিশু “মা” বা “বাবা” ছাড়া অন্তত তিনটি শব্দ বলার চেষ্টা করে। পাশাপাশি ইশারা ছাড়া সাধারণ এক ধাপের নির্দেশনাও অনুসরণ করতে পারে।

যেমন, “বলটা দাও” বললে শিশুটি বলটি দেওয়ার চেষ্টা করে।

এই বয়সে শিশু খুব কম শব্দ বললে, সাধারণ নির্দেশনা বুঝতে অসুবিধা হলে কিংবা যোগাযোগের চেষ্টা সীমিত মনে হলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা ভালো।

২ বছর বয়সে স্পিচ ডিলের লক্ষণ

দুই বছর বয়সে বেশির ভাগ শিশু “আরও পানি”র মতো অন্তত দুটি শব্দ একসঙ্গে ব্যবহার করতে পারে।

এই বয়সেও শিশু দুটি শব্দ জুড়ে বলতে না পারলে অথবা তার কথা বোঝা ও যোগাযোগের দক্ষতা নিয়ে অন্য উদ্বেগ থাকলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত।

৩ বছর বয়সে স্পিচ ডিলের লক্ষণ

তিন বছর বয়সে বেশির ভাগ শিশু ছোট কথোপকথনে অংশ নিতে পারে এবং অন্যরা তার কথা অধিকাংশ সময় বুঝতে পারেন।

এই বয়সে নিচের সমস্যাগুলো খেয়াল করতে পারেন:

  • ছোট বাক্য তৈরি করতে উল্লেখযোগ্য অসুবিধা
  • কথোপকথনে পালা করে অংশ নিতে সমস্যা
  • সহজ প্রশ্ন বুঝতে বা উত্তর দিতে অসুবিধা
  • অন্যরা বেশির ভাগ সময় শিশুর কথা বুঝতে অসুবিধায় পড়েন

শব্দের উচ্চারণ অস্পষ্ট হওয়া এবং ভাষা বুঝতে বা ব্যবহার করতে সমস্যা হওয়া এক বিষয় নয়। প্রয়োজন অনুযায়ী এগুলো আলাদাভাবে মূল্যায়ন করতে হয়।

৪ বছর বয়সে স্পিচ ডিলের লক্ষণ

চার বছর বয়সে বেশির ভাগ শিশু চার বা তার বেশি শব্দের বাক্য বলতে পারে। দিনের কোনো ঘটনা সম্পর্কে কথা বলতে এবং সহজ প্রশ্নের উত্তর দিতেও পারে।

এই বয়সেও শিশু বাক্য তৈরি করতে উল্লেখযোগ্য অসুবিধায় পড়লে, নিজের প্রয়োজন বোঝাতে না পারলে কিংবা অন্যের কথা বুঝতে সমস্যায় পড়লে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

৫ থেকে ৬ বছর বয়সে স্পিচ বা ভাষাগত সমস্যা

পাঁচ বছর বয়সে বেশির ভাগ শিশু অন্তত দুটি ঘটনা নিয়ে গল্প বলতে পারে এবং কয়েকবার পালা করে কথোপকথন চালিয়ে যেতে পারে।

ছয় বছর বয়সে কথা বোঝা, বাক্য ব্যবহার বা স্পষ্টভাবে নিজের ভাব প্রকাশে অসুবিধা থাকলে স্কুলের কাজ ও অন্যদের সঙ্গে যোগাযোগেও প্রভাব পড়তে পারে।

স্কুলে নির্দেশনা বুঝতে, নিজের কথা বোঝাতে বা সহপাঠীদের সঙ্গে কথা বলতে নিয়মিত অসুবিধা হলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। তিনি প্রয়োজন অনুযায়ী কথা ও ভাষার মূল্যায়নের পরামর্শ দিতে পারেন।

মনে রাখবেন: বয়সভিত্তিক বিকাশের ধাপগুলো কোনো রোগ নির্ণয়ের মানদণ্ড নয়। শিশুর একটি দক্ষতা এখনো তৈরি হয়নি মানেই তার নির্দিষ্ট কোনো রোগ রয়েছে, এমন নয়।

কখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত?

শিশুর কথা বলা বা যোগাযোগ নিয়ে উদ্বেগ থাকলে প্রথমে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। সমস্যা আরও স্পষ্ট হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।

বিশেষ করে নিচের পরিস্থিতিগুলো গুরুত্ব দিন:

  • বয়স অনুযায়ী ভাষা বা যোগাযোগের দক্ষতা অর্জনে দেরি হচ্ছে
  • শিশু অন্যের কথা বুঝতে বা নিজের প্রয়োজন জানাতে উল্লেখযোগ্য অসুবিধায় পড়ছে
  • শিশুর উচ্চারণ এতটাই অস্পষ্ট যে তার কথা বেশির ভাগ সময় বুঝতে অসুবিধা হচ্ছে
  • শ্রবণশক্তি নিয়ে সন্দেহ রয়েছে
  • অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধা দেখা যাচ্ছে

শিশু আগে যে শব্দ বলতে পারত বা যেভাবে যোগাযোগ করত, সেই দক্ষতা হারিয়ে ফেললে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

শিশুর কথা বলা ও ভাষার বিকাশ কীভাবে মূল্যায়ন করা হয়?

শিশুর বয়স, লক্ষণ ও চিকিৎসার ইতিহাস অনুযায়ী কী ধরনের মূল্যায়ন প্রয়োজন, তা নির্ধারণ করা হয়। সবার জন্য একই পরীক্ষা প্রয়োজন হয় না।

শিশু বিশেষজ্ঞের প্রাথমিক মূল্যায়ন

শিশু বিশেষজ্ঞ শিশুর জন্ম ও বিকাশের ইতিহাস, বর্তমান যোগাযোগের দক্ষতা এবং অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে কি না, তা দেখেন।

প্রয়োজনে বিকাশের প্রাথমিক যাচাই করে অন্য বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারেন।

শ্রবণ পরীক্ষা

প্রয়োজন অনুযায়ী শ্রবণ বিশেষজ্ঞের (Audiologist) মাধ্যমে শিশুর শ্রবণশক্তি পরীক্ষা করা হয়।

কথা ও ভাষার মূল্যায়ন

Speech-Language Therapist শিশুর শব্দ উচ্চারণ, শব্দভাণ্ডার, বাক্য গঠন, অন্যের কথা বোঝা এবং নিজের ভাব প্রকাশের দক্ষতা মূল্যায়ন করেন।

শিশু বাংলা, ইংরেজি বা একাধিক ভাষা ব্যবহার করলে মূল্যায়নের সময় তার সব ভাষার দক্ষতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

শিশুদের কথা বলতে দেরি হওয়ার সম্ভাব্য কারণ কী?

শিশুদের কথা বলতে দেরি হওয়ার পেছনে একটি বা একাধিক বিষয় ভূমিকা রাখতে পারে। আবার মূল্যায়নের পরও নির্দিষ্ট কোনো কারণ শনাক্ত নাও হতে পারে।

১. শ্রবণজনিত সমস্যা (Hearing Loss)

শিশুর ভাষা শেখার ক্ষেত্রে অন্যদের কথা স্পষ্টভাবে শুনতে পাওয়া গুরুত্বপূর্ণ।

শিশু যদি শব্দ ঠিকভাবে শুনতে না পায় তাহলে অন্যদের বলা শব্দ বুঝতে এবং অনুকরণ করতে অসুবিধা হতে পারে।

শ্রবণ সমস্যা জন্মগত হতে পারে আবার পরবর্তী সময়েও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে কানের সমস্যার কারণে সাময়িক বা দীর্ঘস্থায়ী শ্রবণজনিত অসুবিধা হতে পারে।

শিশু কিছু শব্দে সাড়া দিলেই তার শ্রবণশক্তি সম্পূর্ণ স্বাভাবিক, এমন নিশ্চয়তা নেই।

২. Developmental Language Disorder (DLD)

কিছু শিশুর ভাষা শিখতে, অন্যের কথা বুঝতে বা নিজের ভাব প্রকাশ করতে দীর্ঘস্থায়ী অসুবিধা হতে পারে। এ ধরনের সমস্যাকে Developmental Language Disorder (DLD) বলা হয়।

তবে শুধু ভাষা বিকাশে দেরি হলেই DLD রয়েছে এমন নয়। শ্রবণ সমস্যা বা অন্য কোনো শারীরিক ও বিকাশগত অবস্থার কারণে ভাষাগত অসুবিধা হচ্ছে কি না, তা বিবেচনা করে বিশেষজ্ঞ DLD নির্ণয় করেন।

DLD থাকলেই শিশুর বুদ্ধিমত্তা কম কিংবা পরিবারের সদস্যরা তার সঙ্গে যথেষ্ট কথা বলেন না, এমন ধারণা ঠিক নয়।

৩. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (Autism Spectrum Disorder)

কিছু অটিস্টিক শিশুর ভাষা ও যোগাযোগের বিকাশে দেরি থাকতে পারে। তবে সব অটিস্টিক শিশুর ভাষাগত দক্ষতা বা যোগাযোগের ধরন এক রকম নয়।

৪. অন্যান্য বিকাশগত বা স্নায়ুবিক অবস্থা

শিশুর সার্বিক বিকাশে দেরি, কিছু জেনেটিক বা স্নায়ুবিক অবস্থা এবং কথা বলার জন্য প্রয়োজনীয় নড়াচড়া সমন্বয়ের সমস্যা ভাষা ও কথা বলার বিকাশে প্রভাব ফেলতে পারে।

যেমন, কিছু শিশুর Childhood Apraxia of Speech এর মতো নির্দিষ্ট সমস্যা থাকতে পারে।

এ ধরনের অবস্থা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নির্ধারণ করা যায় না।

৫. পারিবারিক ইতিহাস ও জন্মসংক্রান্ত বিষয়

American Speech-Language-Hearing Association (ASHA) অনুযায়ী পরিবারে ভাষা বিকাশে দেরির ইতিহাস থাকলে শিশুর ছোট বয়সে ভাষা বিকাশেও দেরির সম্ভাবনা বেশি থাকতে পারে।

এ ছাড়া শিশুর অকাল জন্মসহ কিছু জন্মসংক্রান্ত তথ্যও মূল্যায়নের সময় বিবেচনা করা হয়।

তবে এসবের কোনো একটি থাকলেই শিশুর কথা বলতে দেরি হবে, এমন নয়।

অটিজম ছাড়াও কি স্পিচ ডিলে হতে পারে?

হ্যাঁ। শিশুর কথা বলতে দেরি হওয়া মানেই অটিজম নয়।

কিছু শিশুর অন্য বিকাশগত দক্ষতা বয়স অনুযায়ী এগোলেও ভাষা প্রকাশে দেরি হতে পারে। এদের মধ্যে কাউকে Late Talker বলা হতে পারে।

আবার শুধু চোখে চোখ রাখা কিংবা একটি নির্দেশনা বুঝতে পারার ভিত্তিতে অটিজমের সম্ভাবনা নিশ্চিত বা পুরোপুরি বাদ দেওয়া যায় না।

সঠিকভাবে বোঝার জন্য শিশুর যোগাযোগ, সামাজিক আচরণ, খেলার ধরন এবং বিকাশের ইতিহাস একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

স্ক্রিন টাইম ও ভাষা বিকাশ নিয়ে গবেষণা কী বলে?

JAMA Pediatrics জার্নালে প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনায় বেশি সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের তুলনামূলক দুর্বল ভাষাগত দক্ষতার সম্পর্ক পাওয়া গেছে।

তবে এই ফল থেকে কোনো নির্দিষ্ট শিশুর কথা বলতে দেরি হওয়ার কারণ নির্ধারণ করা যায় না।

স্পিচ ডিলে ও শিশুর আচরণের মধ্যে সম্পর্ক

কিছু ক্ষেত্রে যোগাযোগের অসুবিধার সঙ্গে শিশুর আচরণের সম্পর্ক থাকতে পারে।

ধরুন, একটি শিশু পানি চাইছে কিন্তু নিজের প্রয়োজন বোঝাতে পারছে না। আশপাশের মানুষ বুঝতে না পারলে সে বিরক্ত হতে পারে, কান্না করতে পারে কিংবা রেগে যেতে পারে।

আবার অন্যের নির্দেশনা বুঝতে না পারলে মনে হতে পারে শিশুটি ইচ্ছা করে কথা শুনছে না।

তবে রাগ, কান্না, অস্থিরতা কিংবা নির্দেশনা অনুসরণ না করার সব ঘটনা Speech Delay এর কারণে ঘটে না।

ঘুম, পরিবেশ, মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা এবং অন্যান্য বিকাশগত বিষয়ও শিশুর আচরণে প্রভাব ফেলতে পারে।

আচরণ ও যোগাযোগ দুটি বিষয়েই অসুবিধা থাকলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

স্পিচ ডিলে কি প্রতিরোধ করা যায়?

সব ধরনের Speech Delay প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ কিছু ক্ষেত্রে এর সঙ্গে জন্মগত, শ্রবণজনিত বা বিকাশগত অবস্থা জড়িত থাকতে পারে।

তবে শিশুর ভাষা শেখার উপযোগী পরিবেশ তৈরি করা এবং তার যোগাযোগের চেষ্টায় সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ। নিয়মিত কথা বলা, বই পড়া ও খেলাধুলার মাধ্যমে শিশুর ভাষা বিকাশে সহায়তা করা যায়। এমনকি কথা বলতে দেরি হলেও সঠিক সময়ে প্রয়োজনীয় সহায়তা পেলে অনেক শিশুর যোগাযোগ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

শিশুর ভাষা বিকাশে পরিবার কীভাবে সাহায্য করবে?

শিশুর ভাষা শেখার জন্য সবসময় আলাদা ক্লাস বা বিশেষ খেলনার প্রয়োজন হয় না। দৈনন্দিন কাজের মধ্যেই অনেক কথোপকথনের সুযোগ তৈরি করা যায়।

১. দৈনন্দিন কাজে কথা বলুন

খাওয়ানো, গোসল করানো, পোশাক পরানো কিংবা বাইরে হাঁটার সময় শিশুর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।

যেমন, জামা পরানোর সময় বলতে পারেন, “এটা তোমার নীল জামা। এবার হাত ঢোকাই।”

এতে শিশু পরিচিত কাজের সঙ্গে নতুন শব্দের সম্পর্ক তৈরি করার সুযোগ পায়।

২. শিশুর সাড়ার জন্য অপেক্ষা করুন

শিশু কোনো জিনিস দেখালে, ইশারা করলে কিংবা আওয়াজ করলে তার যোগাযোগের চেষ্টাকে গুরুত্ব দিন।

ধরুন, শিশু একটি গাড়ি দেখিয়ে কিছু বোঝাতে চাইছে।

আপনি বলতে পারেন, “গাড়িটা চাও?”

তারপর শিশুকে সাড়া দেওয়ার জন্য কিছুটা সময় দিন। সে শব্দ বা ইশারা দিয়ে উত্তর দিতে পারে।

প্রতিবার সঠিক শব্দ বলার জন্য চাপ দেওয়ার প্রয়োজন নেই।

৩. তার কথায় একটি নতুন শব্দ যোগ করুন

শিশু একটি শব্দ বললে সেটিকে একটু বড় করে বলতে পারেন।

যেমন, শিশু বলল “বল”।

আপনি বলতে পারেন, “লাল বল” কিংবা “বলটা গড়াচ্ছে”।

আবার শিশু কোনো শব্দ ভুল উচ্চারণ করলে বারবার থামিয়ে না দিয়ে সঠিক শব্দটি স্বাভাবিকভাবে ব্যবহার করে শোনাতে পারেন।

এতে শিশুর সামনে নতুন শব্দ ও বাক্যের উদাহরণ তৈরি হয়।

৪. বই ও খেলার সময় কথা বলুন

বয়স উপযোগী ছবির বই বা কাপড়ের বই পড়া কিংবা খেলাধুলার সময় শিশুর আগ্রহ অনুযায়ী কথা বলতে পারেন।

যেমন, বইয়ে একটি বিড়ালের ছবি দেখিয়ে বলতে পারেন, “বিড়ালটা কী করছে?”

আবার শিশু গাড়ি নিয়ে খেললে বলতে পারেন, “গাড়িটা যাচ্ছে। এবার থামল।”

পরিচিত জিনিসের ছবি ও বাস্তব বস্তু মিলিয়ে দেখিয়েও কথা বলতে পারেন।

ছবির কার্ড দিয়ে কীভাবে শিশুর সঙ্গে কথোপকথন তৈরি করবেন, তা জানতে ফ্ল্যাশ কার্ড কী এবং কীভাবে ব্যবহার করবেন আর্টিকেলটি পড়তে পারেন।

শিশুর বয়স ও আগ্রহ অনুযায়ী খেলার উপকরণ বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। কোন বয়সে কী ধরনের খেলনা উপযুক্ত, তা জানতে বয়স অনুযায়ী সঠিক শিক্ষামূলক খেলনা নির্বাচনের গাইড পড়তে পারেন।

তবে ফ্ল্যাশ কার্ড, কাপড়ের বই বা অন্য কোনো শিক্ষামূলক খেলনা স্পিচ থেরাপির বিকল্প নয়।

স্পিচ ডিলে হলে কী ধরনের চিকিৎসা ও সহায়তা প্রয়োজন?

Speech Delay এর জন্য সবার ক্ষেত্রে একই চিকিৎসা বা থেরাপি প্রয়োজন হয় না।

কোনো শিশুর ক্ষেত্রে পরিবারের মাধ্যমে ভাষা শেখার সুযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হতে পারে। অন্য শিশুর ক্ষেত্রে Speech-Language Therapy, শ্রবণজনিত সমস্যার চিকিৎসা কিংবা অন্যান্য বিকাশগত সহায়তা প্রয়োজন হতে পারে।

Speech Language Therapist শিশুর বয়স, ভাষা বোঝা, কথা বলা এবং যোগাযোগের ধরন অনুযায়ী সহায়তার পরিকল্পনা করতে পারেন।

প্রয়োজন অনুযায়ী পরিবারের সদস্যদেরও শেখানো হয় কীভাবে দৈনন্দিন কাজ ও খেলাধুলার মাধ্যমে শিশুকে সাহায্য করবেন।

শুধু ঘরোয়া অনুশীলনের ওপর নির্ভর করে প্রয়োজনীয় চিকিৎসা বা মূল্যায়ন পিছিয়ে দেওয়া উচিত নয়।

স্পিচ ডিলে সম্পর্কে সাধারণ প্রশ্ন (FAQ)

বাচ্চাদের চুষনি (Pacifier) ব্যবহারে কি কথা বলতে দেরি হতে পারে?

চুষনি ব্যবহার ও উচ্চারণ নিয়ে কিছু গবেষণা হয়েছে। ২০২১ সালে প্রকাশিত একটি গবেষণায় উচ্চারণসংক্রান্ত সমস্যার বেশির ভাগ পরিমাপের সঙ্গে চুষনি ব্যবহারের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।

তবে চুষনি ব্যবহারের কারণে কথা বলতে দেরি হয় কি না, তা নিশ্চিতভাবে বলার মতো প্রমাণ সীমিত।

বাংলা ও ইংরেজি একসঙ্গে শেখালে কি শিশুর কথা বলতে দেরি হয়?

না। একাধিক ভাষা শেখা নিজে থেকে Speech বা Language Disorder সৃষ্টি করে না।

তবে শিশুর ভাষা মূল্যায়নের সময় সে যে ভাষাগুলো ব্যবহার করে, সেগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

Speech Delay থাকলে কি শিশুর বুদ্ধিমত্তা কম?

না। কথা বলতে দেরি হচ্ছে বলেই শিশুর বুদ্ধিমত্তা কম, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।

শিশুর সামগ্রিক বিকাশ সম্পর্কে জানতে প্রয়োজন অনুযায়ী আলাদা মূল্যায়ন করা হতে পারে।

ছয় বছর বয়সেও কথা বলতে সমস্যা থাকলে কি উন্নতি সম্ভব?

হ্যাঁ। ছয় বছর বয়সেও শিশুর যোগাযোগ দক্ষতায় উন্নতি সম্ভব হতে পারে।

তবে কী ধরনের সহায়তা প্রয়োজন এবং কতটা উন্নতি হতে পারে, তা সমস্যার ধরন ও তীব্রতার ওপর নির্ভর করে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

উপসংহার

শিশুর ভাষা বিকাশ বুঝতে শুধু কতগুলো শব্দ বলছে তা নয়, অন্যের কথা বোঝা, নিজের প্রয়োজন প্রকাশ করা এবং যোগাযোগের ধরনও খেয়াল করুন।

শিশুর কথা বলা বা যোগাযোগ নিয়ে উদ্বেগ থাকলে অপেক্ষা না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তথ্যসূত্র

  1. Centers for Disease Control and Prevention (CDC): Developmental Milestones
  2. American Speech-Language-Hearing Association (ASHA): Late Language Emergence
  3. National Institute on Deafness and Other Communication Disorders (NIDCD): Developmental Language Disorder
  4. JAMA Pediatrics: Screen Use and Child Language Skills
  5. PubMed: Pacifier Use and Speech Development

Comments

More from the blog